পুনা
( ২৫ ) চেন্নাই থেকে অভি গেল পুনায়। এটা পুনায় ওর দ্বিতীয় সফর। এর আগে এসেছিল ১৯৯৭ সালে জিআর ১৪ এ যোগ দিতে। সেবার এসেছিল ভুবনেশ্বর থেকে ট্রেনে। সেটাই ছিল কোন বড় কনফারেন্সে যোগ দেওয়া। অনেকের সাথে আগে পরিচয় ছিল তাদের পেপারের মাধ্যমে , সেবার পরিচয় হল মুখোমুখি। মনে পড়ে ট্রেন এসেছিল বিশখাপত্তম হয়ে। নামটা পরিচিত। ওর বড়দা ওখানে ছিলেন অনেকদিন চাকরি সুত্রে। খুব ভোরে ট্রেন এসে পৌছুলো বিশখাপত্তমে আর বেশ কিছুক্ষণ থাকার পর যখন চলতে শুরু করল , ঝাকুনি খেয়ে অভি টের পেল ওরা উল্টো দিকে যাচ্ছে। এক ধরণের আশংকা মনে জাগলেও উপায় ছিল না। চুপচাপ বসে রইলো। পথে পড়ল বিজয়নগর , হায়দরবাদ , সিকান্দ্রাবাদসহ বিভিন্ন ঐতিহাসিক শহর। ইতিহাস অভির প্রিয় বিষয়। সময় পেলেই ইতিহাসের উপর বিভিন্ন বই পড়ে। ভারতের শহরগুলো তো প্রায় সবই বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী। তাই যখন কোন বড় শহর পার হয়ে যায় , অভি যেন হারানো দিনের ইতিহাস ছুঁয়ে ভবিষ্যতের পথে পা বাড়ায়। রাশিয়ায় ট্রেন জার্নি মানের ...